গাজীপুর-২ (সদর–টঙ্গী) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাছের খান অভিযোগ করেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এলাকায় ভয়ভীতি, হুমকি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ষড়যন্ত্র চলছে।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় টঙ্গীতে গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আলী নাছের খান বলেন, “মিডিয়া ব্ল্যাকআউট চলছে। আমাদের খবর প্রকাশ না করতে হুমকি দেওয়া হচ্ছে। চারদিকে অস্ত্রের ঝনঝনানি দেখা যাচ্ছে।” তিনি অভিযোগ করেন, একটি পক্ষ নিজেদের অপ্রতিদ্বন্দ্বী মনে করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে।
তার ভাষায়, “এই দেশে কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসীকে নির্বাচিত হতে দেওয়া হবে না। কেউ ভোট লুট করতে এলে মাজা ভেঙে দেব।”
তিনি আরও বলেন, এনসিপি ও ১১ দলীয় জোটের প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে এবং ইতোমধ্যে তাদের এক নেতাকে গুলি করা হয়েছে। নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়ে তিনি বাসন থানায় নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন বলেও জানান।
আলী নাছের খান দাবি করেন, গাজীপুর-২ আসনসহ সারা দেশে ১১ দলীয় জোটের পক্ষে জনসমর্থনের জোয়ার উঠেছে। এতে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তিনি ভোটারদের এসব ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন, জনগণের ভোটের মাধ্যমেই এই অপশক্তির জবাব দেওয়া হবে।