বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও বিএনপি জোটের ভোলা-১ আসনের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ২০০৮ সালে তার বাবার প্রতি ভোলাবাসীর আস্থা ও দোয়াতেই তিনি সংসদে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। সে সময় তারা বিরোধী দলে ছিলেন এবং তখনকার রাজনৈতিক পরিবেশ ভোলাবাসী ভালোভাবেই জানেন।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ভোলা শহরের নতুন বাজারে অবস্থিত জেলা বিজেপি কার্যালয়ের সামনে নির্বাচনি গণসংযোগে এসব কথা বলেন তিনি।
আন্দালিব রহমান পার্থ বলেন, ২০০৮ থেকে ২০২৬ সাল পর্যন্ত মানুষ তাকে রাজপথ, সংসদ ও টকশোতে দেখেছে। তিনি দাবি করেন, এমন এক সময় ছিল যখন তিনি শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলতেন, যখন অনেকেই তা করার সাহস পেতেন না।
আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, বিদ্যুৎ খাতের অনিয়ম ও ফ্যাসিবাদী চরিত্র তিনি ভোলার মানুষের দোয়ায় দেশজুড়ে তুলে ধরতে পেরেছেন বলেও মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আল্লাহ এবার ভোলা সদরের মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ দিয়েছেন। সব ভেদাভেদ ভুলে একটি সুন্দর, মানবিক ও শান্তিপূর্ণ ভোলা গড়তে চান তিনি। চাঁদাবাজি, লুটপাট, টেন্ডারবাজি ও অন্যায়ের রাজনীতি থাকবে না—এমন ভোলাই তার লক্ষ্য। ভোলাকে সিঙ্গাপুর বানানোর প্রতিশ্রুতি না দিলেও মানুষের জন্য সততার সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
এর আগে দুপুরে খেয়াঘাটে পৌঁছালে তাকে বিপুল মানুষের সংবর্ধনা জানানো হয়।