ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যাদের পরাজয়ের সম্ভাবনা রয়েছে, তারাই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মনোনীত ঢাকা-৬ আসনের প্রার্থী ইশরাক হোসেন। শনিবার (২৪ জানুয়ারি) সকালে পুরান ঢাকার নবাবপুর এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, নির্বাচন ঘিরে একটি মহল পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানোর চেষ্টা করছে। তবে বর্তমান পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় এ ধরনের অপপ্রচার গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, জনগণের মধ্যে বিএনপির পক্ষে ইতিবাচক সাড়া রয়েছে, যা প্রতিপক্ষকে উদ্বিগ্ন করে তুলেছে।
তিনি আরও বলেন, যারা হুমকি দিয়ে বা ভয়ভীতি সৃষ্টি করে নির্বাচনী পরিবেশ প্রভাবিত করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সন্ত্রাস বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ইশরাক হোসেন অভিযোগ করে বলেন, যারা বুঝতে পারছে যে তারা এই নির্বাচনে জয়লাভ করতে পারবে না, তারাই আগেভাগে নির্বাচনকে বিতর্কিত করার কৌশল নিচ্ছে। তার ভাষায়, “যাতে তারা পরাজিত হলে বলতে পারে নির্বাচন সঠিক হয়নি—এই ধরনের একটি প্রশ্নবোধক চিহ্ন রেখে যেতে চায় তারা।”
তিনি বলেন, জনগণই হবে শেষ সিদ্ধান্তদাতা এবং সুষ্ঠু ও অবাধ ভোটের মাধ্যমেই সত্যিকারের জনমত প্রতিফলিত হবে।