আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলায় তার নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন।
শনিবার (২৪ জানুয়ারি) ভোরে তিনি গাড়িযোগে ঢাকা থেকে বরিশাল হয়ে দুপুর সোয়া ১২টার দিকে স্পিডবোটে ভোলা সদর উপজেলার খেয়াঘাটে পৌঁছান। তার আগমনকে ঘিরে খেয়াঘাট সড়কসহ আশপাশের এলাকায় কয়েক হাজার মানুষের উপস্থিতিতে সৃষ্টি হয় ব্যাপক জনসমাগম।
খেয়াঘাট থেকে ছাদখোলা গাড়িতে উঠে নির্বাচনী প্রচারণা শুরু করেন ব্যারিস্টার পার্থ। পরে তিনি খেয়াঘাট সড়কসহ ভোলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় পথে পথে বিপুল সংখ্যক মানুষ তাকে অভ্যর্থনা জানান।
দুপুর সাড়ে ৩টার দিকে তিনি ভোলা শহরের নতুন বাজার এলাকায় অবস্থিত বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর কার্যালয়ের সামনে পৌঁছে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, জনাব তারেক রহমান আমাকে আস্থা রেখে ভোলার দায়িত্ব দিয়েছে ভোলার মানুষের পাশে দাঁড়ানোর জন্য ,
ভোলার রাজনীতিতে শান্তি ফিরিয়ে আনতে চাই ,ভোলা–বরিশাল সেতু নির্মাণ ও একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ভোলাবাসীর জন্য অত্যন্ত জরুরি। একই সঙ্গে চাঁদাবাজমুক্ত ভোলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ভোলা জেলা জাতীয় পার্টি (বিজেপি)-এর এক নেতা বলেন, বিএনপি ঐক্য জোটের প্রার্থী হিসেবে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের ভোলায় আগমন উপলক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
তার দাবি, এদিন প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। ভোলাবাসী স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসে তাকে অভ্যর্থনা জানিয়েছে। আসন্ন নির্বাচনে তারা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলেও জানান তিনি।