ঢাকা-১৭ আসনের প্রথম নির্বাচনি সমাবেশে সরাসরি সাধারণ মানুষের কথা শুনে সমাধানের আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ভাষানটেকে আয়োজিত এই জনসভায় তিনি মঞ্চ থেকে নেমে বিভিন্ন পেশার ভোটারদের ডেকে এনে তাদের সমস্যার কথা শোনেন, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
সমাবেশে ভ্যানচালক মোহাম্মদ জুয়েল বস্তিবাসীর পুনর্বাসন ও এলাকার ভাঙাচোরা রাস্তা সংস্কারের দাবি জানান। ছাত্রী হেনা আক্তার ভাষানটেক এলাকার অপরিকল্পিত পরিবেশের কথা তুলে ধরে ক্যান্টনমেন্ট ও আশপাশের এলাকার মতো সুন্দর ও গোছানো পরিবেশের দাবি করেন। গার্মেন্টসকর্মী লিলি বেগম ফ্যামিলি কার্ড, পুনর্বাসন এবং শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের কথা বলেন।
গৃহিণী শান্তাও ফ্যামিলি কার্ডের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তারেক রহমান এসব দাবির সঙ্গে একমত প্রকাশ করে বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারভিত্তিক সহায়তা, বস্তিবাসীর পুনর্বাসন ও কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তিনি নিজেকে এলাকার সন্তান হিসেবে উল্লেখ করে সব সমস্যার সমাধানের অঙ্গীকার করেন।
জনসভায় এক ভোটারের ‘পেয়ারা চুরি’র কথায় গাছ লাগানোর পরামর্শ এবং শিশুদের সঙ্গে আন্তরিক কথোপকথন সমাবেশে যোগ করে ভিন্ন মাত্রা।