আওয়ামী লীগের যেসব কর্মী কোনো ধরনের জুলুম, নির্যাতন বা অন্যায় কর্মকাণ্ডে জড়িত ছিলেন না, তারা চাইলে ১০ দলীয় জোটে যোগ দিতে পারবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
শুক্রবার (২৩ জানুয়ারি) নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া বাজারে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন। আবদুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ আসনে শাপলা কলি প্রতীকে ১০ দলীয় জোটের প্রার্থী।
পথসভায় তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই ১০ দলীয় জোট কাজ করছে। একসময় দ্বীপ উপজেলা হাতিয়া সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত ছিল উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিস্ট শক্তি এলাকাটিকে জিম্মি করে রেখে সন্ত্রাস ও ভয়ের পরিবেশ সৃষ্টি করেছিল।
আবদুল হান্নান মাসউদ বলেন, “যারা এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়, এমন সবাইকে আমরা ১০ দলীয় জোটে যোগ দেওয়ার আহ্বান জানাই। একইভাবে, আওয়ামী লীগের যেসব কর্মী কোনো ধরনের জুলুম বা অন্যায় কাজে যুক্ত ছিলেন না, তারাও এই জোটে আসতে পারবেন।”
প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীদের আর্থিক সহযোগিতার কারণেই নির্বাচনি এলাকায় নিয়মিত ও ধারাবাহিকভাবে প্রচারণা চালানো সম্ভব হচ্ছে। নির্বাচিত হলে হাতিয়ার প্রবাসীদের জন্য বিনা খরচে যাতায়াত ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
পথসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির মাস্টার বোরহান উদ্দিন, জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহ্ মাহফুজুল হক, এনসিপির হাতিয়া উপজেলা আহ্বায়ক শামছল তিব্রিজসহ স্থানীয় নেতৃবৃন্দ।