ইসলামী আন্দোলন বাংলাদেশ ও হাতপাখা প্রতীকের ব্যালট বাক্সই দেশের একমাত্র ইসলামের পক্ষে ব্যালট বাক্স—এমন মন্তব্য করেছেন দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার পাড় এলাকায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ঢাকা-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাজী মো. ইবরাহীমকে উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন।
সমাবেশে চরমোনাই পীর বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই ক্ষমতার দরজা খোলার রাজনীতি করে না। তিনি জানান, কিছুদিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর একজন প্রভাবশালী নেতা তাকে ফোন করে বলেছেন, “হজরত, দরজা খোলা।” তবে তিনি স্পষ্ট করে দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদে যাওয়ার সুযোগ বা ক্ষমতার ভাগ পাওয়ার জন্য রাজনীতি করে না; এ দল রাজনীতি করে দেশের মানুষের এবং ইসলামের কল্যাণের জন্য।
তিনি আরও বলেন, যারা একসঙ্গে চলার সাথীদের সঙ্গে ধোঁকাবাজি ও প্রতারণা করতে পারে, তাদের হাতে মানুষ ও দেশ নিরাপদ নয়। যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি।
চরমোনাই পীর বলেন, ৫ আগস্টের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমত ও জনগণের দোয়ায় দায়িত্বশীল ভূমিকা রাখার চেষ্টা করেছে। তিনি বলেন, “আমি এমপি হওয়ার জন্য, মন্ত্রিত্বের জন্য কিংবা ব্যক্তিগত সম্মানের জন্য কাজ করিনি। আমি এই দেশের সন্তান হিসেবে দেশের কল্যাণের কথা ভেবেই দায়িত্ব পালন করেছি।”
তিনি অভিযোগ করেন, ইসলামের পক্ষে একটি ব্যালট বাক্স—এই আহ্বান নিয়ে যখন ইসলামী আন্দোলন জনগণের কাছে যায়, তখন সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেয়। কিন্তু এই পরিস্থিতি দেখে একটি ক্ষমতালোভী গোষ্ঠী নতুন করে দেশবাসীকে বিভ্রান্ত করার নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
রেজাউল করীম বলেন, “যারা বিশ্বস্ত বন্ধুদের সঙ্গে এবং একই পথে চলা সাথীদের সঙ্গে প্রতারণা করতে পারে, তাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়।” এ উপলব্ধি থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়েছে—এই দল প্রতিষ্ঠিত হয়েছে দেশের মানুষের কল্যাণ, ইসলামের কল্যাণ এবং ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার জন্য।
তিনি বলেন, “আল্লাহর বিশেষ মেহেরবানিতে ও আপনাদের দোয়ায় এখন বাংলাদেশে ইসলামের পক্ষে একটিই ব্যালট বাক্স আছে, আর তা হলো হাতপাখা প্রতীক। ইসলামের পক্ষে অন্য কোনো ব্যালট বাক্স দেশে নেই।”
প্রার্থী হাজী মো. ইবরাহীম সম্পর্কে চরমোনাই পীর বলেন, তিনি পরীক্ষিত নেতা এবং দুইবার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। আল্লাহ যদি তাকে এমপি হিসেবে কবুল করেন, তবে জনগণের প্রত্যাশা পূরণে তিনি ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
চরমোনাই পীর আরও বলেন, সারা দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকই ইসলামের পক্ষে একমাত্র প্রতীক। তিনি ঢাকা-৫ আসনের ভোটারদের উদ্দেশে বলেন, “আমার স্নেহের সন্তান হাজী ইবরাহীমকে আমি আপনাদের কাছে আমানত রেখে গেলাম।” নতুন ভোটারদের উদ্দেশে তিনি আহ্বান জানান, তাদের প্রথম ভোট যেন ইসলামের পক্ষে হাতপাখা প্রতীকে দেওয়া হয়।
এর আগে জনসভায় বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাজী মো. ইবরাহীম বলেন, এই এলাকা দীর্ঘদিন ধরে সুশাসন থেকে বঞ্চিত। অনেক অঞ্চল এখনও জলাবদ্ধতার সমস্যায় ভুগছে। কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনকালে নিজের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, এলাকার মানুষের সমস্যাগুলো সমাধানে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে।
তিনি আরও বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অতীতেও তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এবারও ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধিত্ব করতে চান বলে আশ্বাস দেন তিনি এবং কাউকে প্রতারিত না হওয়ার আহ্বান জানান।