বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত মানুষ এখন বাঁধভাঙা জোয়ারের মতো ভোটকেন্দ্রমুখী হচ্ছে। তার মতে, ডুমুরিয়া–ফুলতলা জনপদে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে অভূতপূর্ব গণজাগরণ সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নে নির্বাচনী প্রচার শেষে আয়োজিত পথসভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সময়ের পরীক্ষায় উত্তীর্ণ একটি রাজনৈতিক দল। তিনি অভিযোগ করে বলেন, গত ৫৪ বছরের শাসনে দেশের মানুষ দুর্নীতি, লুটপাট, দুঃশাসন, বিদেশে অর্থ পাচার, বিচার বিভাগে হস্তক্ষেপ, বিরোধী মত দমন, গুম-খুন ও মিথ্যা মামলার হয়রানি ছাড়া তেমন কিছুই পায়নি।
অন্যদিকে ক্ষমতাসীন দলের লোকেরা গুরুতর অপরাধ করেও জামিন সুবিধা পেয়েছে বলেও তিনি দাবি করেন।
জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ইসলামি চেতনা, জুলাই আন্দোলনের আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের মূল্যবোধে বিশ্বাসী ১০টি দল একত্রিত হয়ে একটি ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে চায়।
এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সারা দেশে ১০ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান।