ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই বলেছেন, মানুষের ভোটাধিকার নির্বিঘ্নভাবে নিশ্চিত করতে সরকার ও রাজনৈতিক দলগুলোর সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
শুক্রবার (২৩ জানুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এক বিবৃতিতে জানান, গতকাল রাতে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির এক বৈঠকে এসব কথা বলেন চরমোনাই পীর।
বৈঠকে রেজাউল করীম বলেন, লক্ষ্য ও উদ্দেশ্য স্পষ্ট না হলে কোনো রাজনৈতিক পথচলা সফল হয় না। নির্বাচন, সরকার গঠন ও রাষ্ট্র পরিচালনায় কোন নীতি অনুসরণ করা হবে—এ বিষয়ে সুস্পষ্ট অবস্থান ও দৃষ্টিভঙ্গির অভাবে বৃহত্তর রাজনৈতিক সমঝোতা কার্যকর হয়নি। বিশেষ করে একটি বড় রাজনৈতিক দলের নীতি-অস্পষ্টতা এই সংকটকে আরও জটিল করেছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম অনুসরণে কখনো দ্বিধা করে না; বরং গর্বের সঙ্গে ইসলামের নীতি বাস্তবায়নের ঘোষণা দেয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ইসলামের নীতিভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান নিয়ে জনগণের দ্বারে দ্বারে পৌঁছানো হবে বলে তিনি জানান।
চরমোনাই পীর বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আগামী ১২ ফেব্রুয়ারি রাষ্ট্র পরিচালনায় জনগণের মতামত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে জন্য সরকার ও রাজনৈতিক দলগুলোকে যৌথভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাওলানা সিদ্দিকুর রহমানসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।