‘আবু সাঈদ–মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পঞ্চগড়ের জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশস্থল। পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম-এর স্লোগানে পুরো মাঠে সৃষ্টি হয় উচ্ছ্বাস ও উত্তেজনা।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে পঞ্চগড় জেলা চিনিকল মাঠে ১০ দলীয় ঐক্যজোট আয়োজিত নির্বাচনী প্রচারণা সমাবেশ শুরু হয়। সমাবেশের মঞ্চে উপস্থিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে সারজিস আলম স্লোগানের মাধ্যমে তার বক্তব্য তুলে ধরেন। ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’—এ ধরনের স্লোগানে বারবার মুখর হয়ে ওঠে সমাবেশস্থল।
বক্তব্যে সারজিস আলম বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে টানা ৩৬ দিন শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন চলেছে এবং সেই লড়াই এখনও শেষ হয়নি। তিনি বলেন, এই আন্দোলন ও সংগ্রাম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সমাজের কিছু মানুষ দিনের বেলায় মাদকের বিরুদ্ধে কথা বলে, কিন্তু রাতের আঁধারে মাদক ব্যবসার লাভের ভাগ নেয়। কেউ কেউ শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় চাটুকারদের বসিয়ে প্রতিষ্ঠান ধ্বংসের পরিকল্পনা করে। আবার নির্বাচনের আগে সাময়িকভাবে জনদরদি হয়ে উঠলেও নির্বাচনের পর তাদের খুঁজে পাওয়া যায় না। এসব অপশক্তির বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
এনসিপি নেতা বলেন, যারা শ্রমিকের সন্তানকে শ্রমিক হিসেবেই আটকে রাখতে চায়, অথচ নিজের সন্তানকে বিদেশে পড়াশোনার সুযোগ করে দেয়, তাদের বিরুদ্ধেও লড়াই চালিয়ে যেতে হবে। একই সঙ্গে যারা প্রকাশ্যে নিরপেক্ষ প্রশাসনের কথা বললেও গোপনে প্রশাসনকে প্রভাবিত করে নিরপরাধ মানুষকে হয়রানি করে, তাদের প্রতিরোধের কথাও বলেন তিনি।
বক্তব্যের শেষাংশে সারজিস আলম বলেন, স্বাধীনতার পর এই প্রথমবার আল্লাহ দেশবাসীকে এমন একটি সুযোগ দিয়েছেন। আগামী পঞ্চাশ বছরেও এমন সুযোগ আসবে কি না, তা কেউ জানে না। তাই এই সুযোগকে আমানত হিসেবে ধরে রেখে এর কোনোভাবেই খেয়ানত করা যাবে না।