“আমাকে দিয়ে আর যাই হোক, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতি কোনো দিনও সম্ভব নয়”—এমন দৃঢ় মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও ১০ দলীয় জোটের কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণার দ্বিতীয় দিনে দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রকাশ্যে কেউ অন্য দলে যেতে পারে, অন্য দলের কর্মসূচিতে অংশ নিতে পারে কিংবা অন্য প্রতীক নিয়ে মিছিল করতে পারে—তবে গোপনে তারা তাকেই ভোট দেবে বলে তিনি বিশ্বাস করেন। তিনি বলেন, “ইনশাআল্লাহ, মানুষ জানে আমি কী ধরনের রাজনীতি করি।”
জোট প্রার্থী বলেন, সিএনজি চালক, দোকানদারসহ খেটে খাওয়া মানুষ ভালো করেই জানে—হাসনাত আব্দুল্লাহ নির্বাচিত হলে কখনো ১০ টাকার জন্যও কারও কাছে যাবে না। তার দাবি, গত দেড় বছরে তিনি নিজে কিংবা তার কোনো সহযোগী বা ১০ দলীয় জোটের কেউ কারও কাছে এক পয়সার জন্যও যাননি।
তিনি বলেন, “আমরা কেউ চাঁদাবাজি করতে যাইনি, বাজার দখল করিনি, হাট দখল করিনি, সিএনজি থেকে টাকা নিইনি। এবার বেকার, কর্মজীবী, কলকারখানায় কাজ করা শ্রমিক এবং রেমিটেন্স যোদ্ধাদের মধ্য থেকেই নেতা নির্বাচিত হবে—ইনশাআল্লাহ।”
এর আগে সকালে দেবিদ্বার নিউমার্কেট এলাকা থেকে গণসংযোগ শুরু করেন হাসনাত আব্দুল্লাহ। পরে তিনি ভিংলাবাড়ি, বিহারমন্ডল মোহনপুর, ছোটনা মোহনপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন।
এ সময় তিনি মাদক, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে স্থানীয় এনসিপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।