শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের সময় এলেই কিছু রাজনৈতিক দল সক্রিয় হয়ে ওঠে, কিন্তু বাকি সময় জনগণের খোঁজ রাখে না। শুক্রবার দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
১০ দলীয় জোটকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের সমর্থন পেলে তারা সরকার গঠন করবেন এবং শুধু নদীর প্রাণই নয়, মানুষের জীবনেও প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনবেন। বাংলাদেশের চারটি প্রধান নদী ধ্বংস হওয়ার প্রসঙ্গ তুলে ধরে তিনি প্রশ্ন করেন, এসব নদীর কি কোনো অভিভাবক ছিল না? অভিযোগ করে বলেন, ক্ষমতাসীনরা পাঁচ বছরে একবার আসে, আর বাকি সময় খুঁজে পাওয়া যায় না—ঠিক বসন্তের কোকিলের মতো, যারা শুধু বসন্তকালেই ডাক দেয়।
ড. শফিকুর রহমান আরও বলেন, উত্তরবঙ্গকে বদলে দিতে পাঁচ বছরই যথেষ্ট। এ অঞ্চলের মাটি উর্বর, পিছিয়ে থাকার কোনো কারণ নেই; ষড়যন্ত্র ও বঞ্চনার কারণেই অঞ্চলটি অবহেলিত হয়েছে। তিনি ৬৪ জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দেন।
সমাবেশ শেষে তিনি পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।