ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, চাইলে তারা ঘোষণা দিয়েই ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীকে রাস্তায় নামতে দেবেন না। তিনি বলেন, বিষয়টি শুধু জামায়াত নয়—যে কেউ হোক, তাদের ক্ষেত্রেই একই অবস্থান থাকবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বংশালের সুরিটোলা স্কুলের সামনে নির্বাচনি গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, “আমরা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আজ এই অবস্থানে এসেছি। আমরা ভেসে আসিনি। আমাদের পেছনে রয়েছে টানা ১৭ বছরের ত্যাগ, অসংখ্য ভাইয়ের রক্তের ইতিহাস।”
জামায়াতের এক প্রার্থীর সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, রাজধানীর একটি গুরুত্বপূর্ণ আসনের প্রার্থীর কাছ থেকে এমন মন্তব্য অত্যন্ত দুঃখজনক। তার মতে, এসব বক্তব্য এখন হাস্যরসের পর্যায়ে নেমে এসেছে এবং কেবল নিজেদের নেতাকর্মীদের চাঙ্গা রাখার উদ্দেশ্যেই এ ধরনের কথা বলা হচ্ছে।
তিনি প্রশ্ন তুলে বলেন, “এতদিন তারা কোথায় ছিল? ৫ আগস্টের পর, বিশেষ করে ২৪ আগস্টের পর হঠাৎ করেই এই গোপন শক্তির আবির্ভাব ঘটেছে।”
ইশরাক হোসেন আরও বলেন, “আমরা দেখেছি, ভোরবেলায় যখন রাস্তায় মানুষজন থাকতো না, তখন তারা অন্ধকারে নীরবে বের হয়ে মিছিল করে চলে যেত। এটিই ছিল তাদের আন্দোলন। আর আমরা রাজপথে বুক ফুলিয়ে দাঁড়িয়েছি, গুলির মুখে থেকেও পিছু হটিনি।”
তিনি দাবি করেন, ঢাকা শহরের সব আসনে জামায়াত প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে, যা তারা নিজেরাও জানে। এ কারণে নেতাকর্মীদের মনোবল ধরে রাখতে তারা এমন বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তাদের অন্য কোনো উদ্দেশ্য থাকে, তবে নির্বাচন আসার আগেই তাদের ঢাকা থেকে বিতাড়িত করা হবে।
এ সময় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।