আসন্ন জাতীয় নির্বাচনে ১০ দলীয় জোটের প্রতি জনসমর্থনের জোয়ার দেখে একটি বড় রাজনৈতিক দল আতঙ্কিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, সেই দলটি জনগণের মধ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে।
শুক্রবার সকালে রাজধানীর ভাটারার বাঁশতলায় নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আয়োজিত গণমিছিল-পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, আগামী নির্বাচনে চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। ঢাকা-১১ আসনে কোনো চাঁদাবাজ বা ভূমিদস্যুর জায়গা হবে না। তিনি আরও বলেন, “আমরা গণঅভ্যুত্থান করেছি এক ফ্যাসিবাদকে সরিয়ে আরেক ফ্যাসিবাদ ফিরিয়ে আনার জন্য নয়। ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যেই বহু মানুষ জীবন দিয়েছেন।”
ভোটকেন্দ্র দখলের অপচেষ্টার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, যারা এমন স্বপ্ন দেখছেন, তারা যেন ভুলেও তা না ভাবেন। প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দেওয়া হবে এবং ভোটের মাধ্যমে বিজয় নিশ্চিত করে ঘরে ফেরা হবে। তিনি বলেন, “আমরা গুলির মুখেও পিছু হটিনি, ভোটকেন্দ্র থেকেও পিছু হটবো না।”
ঢাকা-১১ আসনের বিভিন্ন সমস্যা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, এই এলাকা দীর্ঘদিন ধরে ট্রাফিক জট, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার কবলে রয়েছে। সরকার গঠন করতে পারলে এসব সমস্যা থেকে এলাকাবাসীকে মুক্ত করা হবে বলে তিনি আশ্বাস দেন।
সমাবেশে তিনি সারা দেশে ১০ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। এতে এনসিপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে রামপুরার দিকে একটি গণমিছিল বের করা হয়।