আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটের আলীয়া মাদরাসা মাঠে আয়োজিত বিএনপির জনসভার মঞ্চে উঠেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি মঞ্চে উঠেন। এটি বিএনপির প্রথম নির্বাচনি জনসভা। জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান।
এর আগে বেলা পৌনে ১১টার দিকে সিলেট নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
বিএনপির জনসভাকে কেন্দ্র করে ইতোমধ্যে সভাস্থল কানায় কানায় পূর্ণ। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই মাঠ ছাড়িয়ে আশপাশের রাস্তাঘাটে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা।
এদিন ভোর থেকে সিলেট ও সুনামগঞ্জসহ আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা মাঠে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাদরাসা মাঠ লোকে লোকারণ্য হয়ে ওঠে। পুরো মাঠ এবং নগরীর গুরুত্বপূর্ণ এলাকা ব্যানার, ফেস্টুন আর দলীয় স্লোগানে মুখর হয়ে উঠেছে।
নেতাকর্মীদের হাতে দলীয় পতাকার পাশাপাশি ধানের শীষের প্রতিকৃতি এবং তারেক রহমানের ছবিসংবলিত ব্যানার-ফেস্টুন দেখা গেছে। পুরো এলাকায় এখন ‘ধানের শীষ’ আর ‘তারেক রহমান’ স্লোগান।