১২ ফেব্রুয়ারি শুধু একটি ভোটের দিন নয়, এটি বাংলাদেশ বদলে দেওয়ার লড়াই—এমন মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
বুধবার বিকেলে বাবুগঞ্জ উপজেলায় ১০ দলীয় জোটের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের টানা ৩৬ দিনের গণআন্দোলন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি ছিল রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে সাধারণ মানুষের সম্মিলিত বিদ্রোহ এবং নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সংগ্রাম।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এমন এক তরুণ সমাজ, যারা আগে রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না। রাজনৈতিক পরিচয়, আত্মীয়তার সুপারিশ বা দুর্নীতির কারণে যোগ্য হয়েও চাকরি না পাওয়ার ক্ষোভ থেকেই তরুণদের বুকে ঝড় উঠেছে। কোটা-নির্ভর বৈষম্য, দালালনির্ভর চিকিৎসা, কৃষকের ন্যায্য অধিকার বঞ্চনা এবং প্রবাসী শ্রমিকদের অনিশ্চয়তা মানুষের ক্ষোভকে বিস্ফোরণের দিকে ঠেলে দেয়।
তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় রাজনৈতিক গোষ্ঠীর যোগসাজশে মিথ্যা মামলায় নিরপরাধ মানুষকে হয়রানি করা হচ্ছে। এসব জুলুমের বিরুদ্ধেই গণআন্দোলন গড়ে ওঠে।
আগামী নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি যদি পরিবর্তনের পক্ষে রায় না আসে, তবে দেশবাসীকে আবারও বৈষম্য ও জুলুমের মধ্যেই বাঁচতে হবে।