জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন,
‘আমাদের সঙ্গে একমাত্র জীবিত বীরবিক্রম কর্ণেল অলি আহমদ আছেন, এনসিপি নাহিদরাসহ জুলাই আন্দোলনের চার কোটি যুবক আছেন।’ আগামীতে জামায়াত সরকার গঠন করবে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘আগামী নির্বাচনটা খুব চ্যালেঞ্জিং হবে।’
বুধবার জানুয়ারি একুশ তারিখ বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজার এলাকার একটি রেস্তোরাঁয় স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বক্তব্যে আবদুল্লাহ মো. তাহের বলেন, ‘চুয়ান্ন বছর স্বাধীনতার পরে আমরা ভারতীয় দাসত্ব থেকে পাঁচ আগস্টে মুক্তি পেয়েছি। আমরা স্বাধীন ছিলাম না। আমাদের একটি ভূখণ্ড ছিল।’
সভায় চৌদ্দগ্রাম উপজেলার তেরোটি ইউনিয়ন ও একটি পৌরসভার সাবেক ও বর্তমান চেয়ারম্যান, মেম্বারসহ কাউন্সিলরা উপস্থিত ছিলেন। বক্তব্যে তিনি রাজনৈতিক বাস্তবতা ও আসন্ন নির্বাচনের চ্যালেঞ্জ তুলে ধরে দলীয় শক্তি ও জনসমর্থনের কথা উল্লেখ করেন।