নির্বাচনের আগে আহলে সুন্নাত ওয়াল জামাতবিরোধী মওদুদীবাদী জামায়াতের জোট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)–কে আন্তরিক মুবারকবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান।
বিবৃতিতে হেফাজত আমির বলেন, ৫ আগস্ট পরিবর্তিত বাংলাদেশের প্রেক্ষাপটে সহীহ আকীদাভিত্তিক ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য গড়ে তোলার লক্ষ্যে হেফাজতে ইসলাম কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে মওদুদীবাদী জামায়াতকে বাদ দিয়ে ঐক্য গঠনের আহ্বান জানানো হয়েছে এবং ঈমান ও আকীদা বিসর্জন দিয়ে কারও সঙ্গে জোট না করার ব্যাপারে সতর্ক করা হয়েছে।
তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মওদুদীবাদী জামায়াতের প্রভাবমুক্ত হয়ে একক রাজনৈতিক পথচলা শুরু করায় ইসলামপন্থী রাজনীতিতে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।
আল্লামা বাবুনগরী আরও বলেন, জামায়াতের সঙ্গে থাকার কারণে দেশের ইসলামপন্থী রাজনীতির বড় ধরনের ক্ষতির আশঙ্কা ছিল। পীর সাহেব চরমোনাইয়ের এই সাহসী সিদ্ধান্ত সেই ক্ষতির পথ অনেকটাই রুদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
একই সঙ্গে তিনি জানান, হেফাজতে ইসলাম বরাবরের মতো আসন্ন নির্বাচনেও কোনো দলের পক্ষে অবস্থান নেবে না। তবে নিরেট ইসলামপন্থী ও সহীহ আকীদায় বিশ্বাসী প্রার্থীদের ভোট দেওয়ার জন্য তিনি আহ্বান জানান এবং মওদুদীবাদী ও ভ্রান্ত আকীদা অনুসারীদের বর্জনের অনুরোধ করেন।