আসন্ন সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোটে দেশবাসীকে সরাসরি ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। মঙ্গলবার(২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গ্র্যান্ড প্যালেস হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
জিএম কাদের বলেন, এই গণভোট পুরোপুরি সংবিধানবিরোধী এবং অবাস্তব। এটি বাস্তবায়িত হলে দেশ গভীর রাজনৈতিক অস্থিতিশীলতার দিকে ধাবিত হবে বলে তিনি মনে করেন।
জাপা চেয়ারম্যান আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান রক্ষার শপথ নিয়ে ক্ষমতায় এসেও এমন এক প্রক্রিয়ায় হাত দিয়েছে যার কোনো সাংবিধানিক ভিত্তি নেই। তিনি দাবি করেন, সংবিধান অনুযায়ী কেবল একটি নির্বাচিত সংসদই নির্ধারিত আইনি প্রক্রিয়ায় সংবিধান সংশোধন করার ক্ষমতা রাখে। সাধারণ মানুষের কাছে জটিল সব বিষয় নিয়ে ‘হ্যাঁ’ বা ‘না’ জানতে চাওয়া অযৌক্তিক এবং এটি বাস্তবায়ন করা কার্যত অসম্ভব বলে তিনি মন্তব্য করেন।
প্রস্তাবিত সংশোধনীগুলো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জিএম কাদের বলেন, প্রধান নির্বাহীকে পুরোপুরি ক্ষমতাহীন করে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। স্বৈরাচার ঠেকানোর নামে যদি সরকারের ক্ষমতা কেড়ে নেওয়া হয় তবে দেশ অচল হয়ে পড়বে। তার মতে ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি কিন্তু ক্ষমতা পুরোপুরি হরণ করলে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হয়ে দেশ ধ্বংসের পথে এগিয়ে যাবে।
সংবাদ সম্মেলনে জিএম কাদের অভিযোগ করেন, সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় পার্টির মতো অভিজ্ঞ রাজনৈতিক দলের মতামত উপেক্ষা করা হয়েছে। তাদের দীর্ঘদিনের সংসদীয় অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কোনো আলোচনা না করায় দলটি ক্ষোভ প্রকাশ করেছে। এই কারণেই জাতীয় পার্টি আনুষ্ঠানিকভাবে এই গণভোট প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছে এবং দেশের স্বার্থে জনগণকে ‘না’ ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করার ঘোষণা দিয়েছে।