ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, তিনি জীবিত থাকতে এলাকার সাধারণ মানুষের কোনো ক্ষতি হতে দেবেন না। দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান তিনি।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুন বাজারে আয়োজিত এক দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর আত্মার মাগফিরাত কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শামা ওবায়েদ বলেন, ‘আমার বাবা সবসময় ন্যায়ের পক্ষে ছিলেন, কখনো অন্যায়কে প্রশ্রয় দেননি। তার সন্তান হিসেবে আমিও কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না। সালথা–নগরকান্দার মাটিতে দুর্নীতি ও চাঁদাবাজি চলতে দেব না।’ তিনি বলেন, দলের কেউ এসব অপকর্মে জড়ালে তার দায় সাধারণ মানুষকেই বহন করতে হয়—যার শিকার হন নারী, তরুণ ও শিক্ষার্থীরা।
তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার বিকল্প শুধু খালেদা জিয়াই। তিনি দলমত নির্বিশেষে সবার অভিভাবকে পরিণত হয়েছিলেন।’ তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
আগামী নির্বাচন প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রতিপক্ষকে ছোট করে দেখার সুযোগ নেই। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘নেগেটিভ কথা নয়, দলের আদর্শ, ধানের শীষ ও তারেক রহমান-এর নেতৃত্বের কথা জনগণের কাছে তুলে ধরতে হবে।’
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে এবং তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকায় কী কী উন্নয়ন হবে, তা ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এ জন্য নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।
স্থানীয় বিএনপি নেতা অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফসহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।