বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দোষারোপের রাজনীতি করে সাধারণ মানুষের জীবনের পরিবর্তন আনা যায় না। মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় রাজনীতি এবং রাজনীতির মূল লক্ষ্য হতে হবে দেশের সাধারণ মানুষের কল্যাণ।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে যশোরের আলোচিত শিশু আফিয়ার পরিবারের কাছে একটি ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে জেলা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তারেক রহমান বলেন, দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে একে অপরকে দোষারোপ করার প্রবণতা চলমান রয়েছে, যা থেকে বেরিয়ে আসা জরুরি। বিএনপি এই ধারার পরিবর্তন শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকতে হবে মানুষের জীবনমান উন্নয়ন।
তিনি বলেন, আফিয়ার মতো দেশে অসংখ্য অসহায় পরিবার রয়েছে। প্রচলিত রাজনৈতিক ধারা থেকে বেরিয়ে এসে বিএনপি সবসময় এসব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। তবে একটি রাজনৈতিক দলের পক্ষে একা এই দায়িত্ব বহন করা কঠিন। সে কারণেই জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে অসহায় পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে বলে তিনি জানান।
বিএনপির চেয়ারম্যান আরও বলেন, কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শহর ও গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।
দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ ও উজান থেকে পানি ছেড়ে দেওয়ার ফলে জলাবদ্ধতা ও বন্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ সমস্যার স্থায়ী সমাধানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর খাল খনন প্রকল্প পুনরায় চালু করা হবে।
তারেক রহমান বলেন, শহীদ জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সবসময় সাধারণ মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়েছেন। সেই ধারাবাহিকতা বজায় রাখতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে আবারও খাল খনন প্রকল্প বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, নারীদের শিক্ষায় খালেদা জিয়ার নেওয়া উদ্যোগের সুফল ইতোমধ্যে পাওয়া গেছে। এখন সেই শিক্ষিত নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে বিএনপির বৃহৎ পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে বিএনপি নেতারা আনুষ্ঠানিকভাবে শিশু আফিয়ার পরিবারের কাছে ঘর হস্তান্তর করেন।