নিজেদের উত্থাপিত তিনটি অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে নির্বাচন কমিশনের (ইসি) সামনে থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার সন্ধ্যা ৬টার দিকে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে ব্যালট পেপারে অনিয়ম, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারসহ তিনটি অভিযোগ নিয়ে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজের সঙ্গে বৈঠক করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি বলেন, ‘আমরা আমাদের তিনটি অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন থেকে আশ্বাস পেয়েছি। কমিশনের পক্ষ থেকে আজকের মতো কর্মসূচি স্থগিত করার অনুরোধ জানানো হলে কেন্দ্রীয় সংসদের সঙ্গে আলোচনা করে সাময়িকভাবে কর্মসূচি সমাপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি কোনো রাজনৈতিক গোষ্ঠী বা ছাত্র সংগঠন আবারও নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করে জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করে, তাহলে ছাত্রদল কী করতে পারে তা গত দুই দিনে আমরা দেখিয়েছি। আমাদের হুমকি দেওয়া বা বাধ্য করার চেষ্টা করবেন না।’
রাকিবুল ইসলাম রাকিব জানান, আগামী ২২ জানুয়ারি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবে। তিনি বলেন, ‘যে ষড়যন্ত্রের কারণে আমাদের দুই দিন এখানে অবস্থান করতে হয়েছে, সেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমরা প্রস্তুত থাকব। ভবিষ্যতে যদি আবারও এ ধরনের কোনো সিদ্ধান্ত বা অপচেষ্টা দেখা যায়, তাহলে তাৎক্ষণিকভাবে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।’