জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তি ও গুরুতর আহতদের পরিবারগুলোর সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শহীদ পরিবারের সদস্যরা। তারা অভিযোগ করেন, যাদের রক্তের বিনিময়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে, সেই সরকারই আজ বিচার, চিকিৎসা ও পুনর্বাসনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।
রোববার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসন তারেক রহমান। সভাপতিত্ব করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা।
সভায় শহীদ পরিবারের সদস্যরা তাঁদের বক্তব্যে বিচারহীনতা, নিরাপত্তাহীনতা ও চিকিৎসা সংকটের বেদনাদায়ক চিত্র তুলে ধরেন। কেউ কেউ বলেন, প্রকাশ্যে হত্যার প্রমাণ থাকলেও দেড় বছরেও কোনো দৃশ্যমান বিচার হয়নি। আহতদের অনেকেই আজীবনের জন্য পঙ্গু হলেও উন্নত চিকিৎসা বা পুনর্বাসনের উদ্যোগ নেই।
শহীদ পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয়, নতুন সরকার যেন অন্তর্বর্তী সরকারের মতো বেইমানি না করে। জুলাই গণ-অভ্যুত্থানের সব শহীদের বিচার, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন যেন ভবিষ্যৎ সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হয়—এটাই তাদের প্রত্যাশা।