বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর রাজনৈতিক পরিকল্পনা ধ্বংস করার জন্য সুযোগসন্ধানীরা ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
রোববার (১৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয় বাস্তহারা দলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ফারুক বলেন, তারেক রহমান তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে দীর্ঘ ১৬ বছর ধরে দেশের বাইরে থেকেও বাংলাদেশের মানুষের জন্য একটি সুদূরপ্রসারী রাজনৈতিক ও রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা তৈরি করেছেন। সেই পরিকল্পনা বাস্তবায়নের সময় এখন ঘনিয়ে এসেছে বলেই একটি মহল আতঙ্কিত হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
তিনি আরও বলেন, তারেক রহমানই ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং তার পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। তরুণদের মাদকাসক্তি থেকে ফিরিয়ে আনা, কোটি কোটি গাছ রোপণ, খাল খনন করে কৃষি উৎপাদন বৃদ্ধি, হাসপাতাল ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন—এসবই তারেক রহমানের মূল পরিকল্পনার অংশ বলে উল্লেখ করেন ফারুক।
নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করাও এই ষড়যন্ত্রের অংশ দাবি করে তিনি বলেন, গণভোট ও পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে। পাশাপাশি তিনি সাংবাদিকদের লেখার স্বাধীনতা নিশ্চিত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।