বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে ক্ষমতাসীন দলগুলোর ভূমিকার কঠোর সমালোচনা করেছেন বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনি। তিনি বলেন, যখনই যে দল রাষ্ট্রক্ষমতায় এসেছে, তখনই তারা বিচার বিভাগকে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছে।
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়নে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন’ শীর্ষক নীতি সংলাপে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। নিলুফার মনি অভিযোগ করেন, গত ১৭ বছরে অনেক বিচারপতি পেছনের দরজার দিকে তাকিয়ে রায় দিয়েছেন। তারেক রহমানের পক্ষে রায় দেওয়ায় এক বিচারপতিকে দেশ ছাড়তে বাধ্য হতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, নির্বাচন সংক্রান্ত রিটে বিচারপতির অপারগতা প্রকাশ অত্যন্ত উদ্বেগজনক। বিচারপতির কাজ বিচার করা—এখানে অপারগতার প্রশ্ন কেন আসে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কাগজে-কলমে বিচার বিভাগের স্বাধীনতা থাকলেও বাস্তবে সরকারের প্রতি ভয় কাটেনি বলেও মন্তব্য করেন বিএনপির এই নেত্রী।
সরকারের সমালোচনা করে নিলুফার মনি বলেন, একজন মানুষকে সারারাত পিটিয়ে হত্যার ঘটনায় আজও ন্যায়বিচার হয়নি। মামলাজট কমানোর আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তা আরও বেড়েছে। এতে আইনের শাসন ও বিচার বিভাগের ওপর মানুষের আস্থা ক্রমেই কমে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।