ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি ও হেনস্তার অভিযোগ উঠেছে। শনিবার জানুয়ারি সতেরো তারিখ বিকেলে নির্বাচন আচরণ বিধি ভঙ্গের অভিযোগে অভিযান চালাতে গিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান এই ঘটনার শিকার হন। অভিযোগ অনুযায়ী, ওই সময় রুমিন ফারহানা তাকে বলেন, ‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার।’
ঘটনাটি ঘটেছে সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, আচরণ বিধি ভঙ্গের বিষয়টি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান কথা বলতে গেলে রুমিন ফারহানা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি তাকে বলেন, ‘আমি শেষ বারের মত আপনাকে সতর্ক করে দিচ্ছি। আমি এ ধরনের কথা আর শুনতে চাই না। আপনি পারলে থামিয়ে দেন। আজ আমি ভদ্রতার সঙ্গে কথা বলছি, পরবর্তীতে সেটা করব না।’ এ সময় তিনি আরও বলেন, ‘অন্যরা আপনাদের বৃদ্ধাঙ্গুলি দেখায়, খোঁজ নিয়ে দেখেন।’
ভিডিওতে রুমিন ফারহানাকে আরও বলতে শোনা যায়, ‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার। মাথায় রাইখেন। যাদের কথায় এখন আপনারা চলছেন, শেখ হাসিনার সময় তারা কানে ধরে খাটের নিচে থাকত। আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না।’
হেনস্তার শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান জানান, নির্বাচন বিধি মালা ১৮ লঙ্ঘন করে সেখানে একটি সমাবেশ আয়োজন করা হয়। বিষয়টি নিয়ম বহির্ভূত হওয়ায় তারা সেখানে গিয়ে সমাবেশ না করার নির্দেশ দেন। তিনি বলেন, সমাবেশ আয়োজক মো. জুয়েলকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়। সমাবেশ করতে না পেরে চলে যাওয়ার সময় ওই প্রার্থী তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। বিষয়টি তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করেছেন।