ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে রাজনীতিতে নিয়ে এসেছেন এবং তার ভালোবাসা ও আশ্রয়েই তিনি এতদূর এগিয়ে এসেছেন।
তিনি অভিযোগ করেন, খালেদা জিয়া হাসপাতালে যাওয়ার আগে ২৩ নভেম্বর জানতে চেয়েছিলেন কেন তাকে মনোনয়ন দেওয়া হয়নি। পরে খালেদা জিয়ার মৃত্যুর পর দল থেকে তাকে বহিষ্কার করা হয়।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে সরাইল উপজেলার ইসলামাবাদ গ্রামে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে রুমিন ফারহানা বলেন, দল থেকে নিয়মিত ফোন করে তাকে মন্ত্রিত্ব দেওয়ার প্রস্তাব দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হচ্ছে। তবে তিনি স্পষ্ট ভাষায় বলেন, জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তিনি নিজের এলাকার মানুষকে ছেড়ে যাবেন না।
এ সময় স্থানীয়দের পক্ষ থেকে তাকে একটি হাঁস উপহার দেওয়া হয় এবং তিনি জানান, ভোটের জন্য হাঁস প্রতীক চাইবেন।
উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে জোটপ্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রুমিন ফারহানাকে বহিষ্কার করে।
এদিকে একই দিনে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিঁতারা গ্রামে তার মতবিনিময় সভাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন বলে জানা গেছে। তবে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঞ্জুর কাদের ভুঁইয়া জানান, বিষয়টি বড় আকার ধারণ করেনি এবং থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।