জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রীর পদধূলি নিয়ে রাষ্ট্রপতি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে—এমন বাংলাদেশ জনগণ চায় না। রাষ্ট্র কাঠামোর এই পরিবর্তন আনতে হলে আসন্ন গণভোটে জনগণকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকতে হবে বলে তিনি মন্তব্য করেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার দেলপাড়া এলাকায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশকে সত্যিকার অর্থে পরিবর্তন করতে হলে দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে। জনগণ এমন একটি দেশ চায়, যেখানে স্বাধীন কর্মকমিশনের মাধ্যমে মেধার ভিত্তিতে তাদের সন্তানরা চাকরির সুযোগ পাবে। এ লক্ষ্য বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
এর আগে তিনি দেলপাড়া এলাকায় জুলাই আন্দোলনে শহীদ আদিলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ–৪ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমিনসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা।
গণসংযোগকালে স্থানীয়দের মধ্যে গণভোট ও রাষ্ট্রসংস্কার বিষয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায় বলে জানান এনসিপির নেতারা।