আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবেই অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি স্পষ্ট করে জানিয়েছে, তারা বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যাচ্ছে না। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।
সংবাদ সম্মেলনে গাজী আতাউর রহমান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮টি আসনে প্রার্থী দিয়েছে এবং তারা ইতোমধ্যে মাঠপর্যায়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করবেন না বলেও তিনি স্পষ্ট করেন। তিনি বলেন, ‘আমরা এককভাবেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। জোটের রাজনীতিতে যাওয়ার কোনো সিদ্ধান্ত নেই।’
তিনি আরও জানান, ২৬৮ আসনের বাইরে যেসব আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী নেই, সেখানে অন্য প্রার্থীদের সমর্থন দেওয়া হবে। তবে কোন দলের বা কোন প্রার্থীকে সমর্থন দেওয়া হবে, সে বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়া নিয়ে আলোচনা চললেও শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন একক নির্বাচনের পথেই থাকার সিদ্ধান্ত নেয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ ঘোষণার ফলে ইসলামী রাজনৈতিক অঙ্গনে নির্বাচনি সমীকরণে নতুন মাত্রা যোগ হলো।