তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র স্মরণে নাগরিক সমাজের উদ্যোগে শোকসভা শুরু হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে এ শোকসভা শুরু হয়।
এর আগে বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শোকসভার বিস্তারিত তুলে ধরা হয়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়; বরং দেশনেত্রীর প্রতি জাতীয় পর্যায়ে মর্যাদাপূর্ণ শ্রদ্ধা নিবেদনের একটি মানবিক উদ্যোগ।
সংবাদ সম্মেলনে শোকসভার সার্বিক প্রস্তুতি ও নিয়মাবলি তুলে ধরেন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহ। তিনি জানান, বিভিন্ন পেশার শীর্ষ ব্যক্তিত্ব, গবেষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি, চিকিৎসক, শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ শোকসভায় বক্তব্য দেবেন। রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে, তবে তারা দর্শকসারিতে উপস্থিত থাকবেন।
শোকসভায় তারেক রহমান-সহ খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলেও জানানো হয়।
আয়োজকরা অনুষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নিয়মের কথা উল্লেখ করেন। তারা জানান, শোকসভায় সেলফি তোলা, হাততালি দেওয়া বা দাঁড়িয়ে থাকা নিষিদ্ধ। এছাড়া আমন্ত্রণপত্র ছাড়া অনুষ্ঠানে প্রবেশ করা যাবে না।