নির্বাচনি সমঝোতা বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে আগামীকাল শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চলমান রাজনৈতিক সমঝোতা ও জোট আলোচনা প্রসঙ্গে এই সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেলে পুরানা পল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান নিয়ে নানা আলোচনা ও জল্পনা চলছে। বিশেষ করে জামায়াতে ইসলামীসহ একাধিক দলের মধ্যে চলমান নির্বাচনি সমঝোতা প্রক্রিয়ায় দলটির অংশগ্রহণ না করা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। এ প্রেক্ষাপটে সংবাদ সম্মেলনটি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
দলীয় সূত্রগুলো জানায়, সংবাদ সম্মেলনে নির্বাচনে অংশগ্রহণ, আসন সমঝোতা, জোট রাজনীতি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে ইসলামী আন্দোলনের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হবে। সংবাদ সম্মেলন শেষে দলটির পরবর্তী কর্মপন্থা নিয়েও দিকনির্দেশনা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।