বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, গণভোট শুধু একটি সংসদ নির্বাচনের অংশ নয়; বরং ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন কীভাবে স্বাধীনভাবে কাজ করবে—এসব মৌলিক সিদ্ধান্ত জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই নির্ধারিত হওয়া উচিত। এ কারণে একজন সচেতন নাগরিক হিসেবে সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার পিরোজপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আদর্শপাড়া ও ১ নম্বর ওয়ার্ড খানাখুনিয়ারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত উঠান বৈঠকে এসব কথা বলেন মাসুদ সাঈদী। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে সংস্কারপ্রক্রিয়া এগিয়ে যাবে এবং জুলাই সনদের প্রকৃত বাস্তবায়ন সম্ভব হবে। অন্যদিকে ‘না’ ভোট জিতলে আগের ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, এবারের ভোট শুধু সরকার গঠনের জন্য নয়, বরং বাংলাদেশকে আগামী ৫০ বছর এগিয়ে নেওয়ার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় জোট বিজয়ী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উঠান বৈঠকে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ ও ধর্মীয় নেতারাও উপস্থিত ছিলেন।