নেতা কর্মীদের সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দেওয়ার পাশাপাশি দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার জানুয়ারি ১৪ তারিখ বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
পোস্টে জামায়াত আমির লিখেছেন, ‘প্রিয় সহকর্মীবৃন্দ, বহু ত্যাগ এবং কুরবানির সিঁড়ি বেয়ে প্রিয় সংগঠন ও জাতি মহান আল্লাহ তা’আলার একান্ত মেহেরবানিতে এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। সময়টা জাতীয় জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বাঁক। এ সময়ে সকলকে সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে। কারও ব্যাপারেই কোনো ধরনের বিরূপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে।’

তিনি আরও লিখেছেন, ‘আমাদের উদ্দেশ্য- একমাত্র আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জন। আশা করি, আমরা সবাই সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেবো, ইনশাআল্লাহ।’
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত করার প্রক্রিয়া শেষ ধাপে পৌঁছেছে। এই প্রেক্ষাপটে বুধবার বিকেলে একটি সংবাদ সম্মেলন আহ্বান করা হলেও নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই তা অনিবার্য কারণে স্থগিত করা হয়। সংবাদ সম্মেলন স্থগিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এই পোস্টকে নেতা কর্মীদের উদ্দেশে সতর্ক ও সংযত থাকার বার্তা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।