ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, মন্ত্রী বা এমপি হওয়ার জন্য তিনি রাজনীতিতে আসেননি। ব্যক্তিগত অর্থবিত্ত, ব্যবসা-বাণিজ্য কিংবা কোনো স্বার্থসিদ্ধির লক্ষ্য তার রাজনীতির উদ্দেশ্য নয়। নগরবাসীর নিত্যদিনের সমস্যা সমাধান, জনগণের অধিকার রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি রাজনীতিতে যুক্ত হয়েছেন বলে জানান তিনি।
বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর নবাবপুরে নবাবপুর দোকান মালিক সমিতির উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-র রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন ইশরাক হোসেন।
তিনি বলেন, ঢাকা শহর যানজট, জলাবদ্ধতা, গ্যাস সংকট, ভাঙাচোরা রাস্তা ও ড্রেনেজ সমস্যায় জর্জরিত। শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার দুরবস্থা, বেকারত্ব ও দারিদ্র্যের চাপ থেকে নগরবাসীকে মুক্ত করাই তার রাজনৈতিক অঙ্গীকার। খালেদা জিয়াকে কারাবন্দি করার পর থেকেই তিনি আরও সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হন বলেও জানান তিনি।
স্থানীয় ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, একটি ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। চাঁদাবাজি বন্ধ, ফুটপাত দখলমুক্ত রাখা এবং নারী-শিশুর নিরাপদ চলাচল নিশ্চিত করাই লক্ষ্য। মতপার্থক্য থাকলেও সমাজকে বিভক্ত না করে শান্তিপূর্ণ সহাবস্থার আহ্বান জানান তিনি।
দোয়া মাহফিলে বিএনপি ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।