বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে ‘I Have a Plan for the People of My Country, for My Country’ শীর্ষক একটি বিশেষ কার্টুন হস্তান্তর করেছেন দেশের জনপ্রিয় কার্টুনিস্ট উদয়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এক দৃষ্টিনন্দন ফ্রেমে বাঁধানো কার্টুনটি তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় কার্টুনটি গ্রহণ করে তারেক রহমান কার্টুনিস্ট উদয়কে ধন্যবাদ জানান এবং শিল্পকর্মটির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কার্টুনিস্ট উদয় বলেন, তারেক রহমানকে নিয়ে এমন একটি কার্টুন আঁকা এবং সেটি তাঁর হাতে তুলে দেওয়া দীর্ঘদিনের স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্ন পূরণ হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত বলে জানান। তিনি বলেন, এই কার্টুনের মাধ্যমে তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও দেশ নিয়ে ভাবনার প্রতিফলন তুলে ধরার চেষ্টা করেছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিএনপির রাজনৈতিক বক্তব্য ও ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তাকে কেন্দ্র করে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ ধারণাটি আলোচনায় এসেছে। কার্টুনটির মাধ্যমে সেই ভাবনাকেই শিল্পীসত্তার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।