চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আজও তেমন কোনো প্রশ্ন ওঠে না, কারণ সেগুলো ছিল স্বচ্ছ, অবাধ ও গ্রহণযোগ্য। একইভাবে ২০০১ সালে বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট ক্ষমতায় আসার নির্বাচন নিয়েও বড় কোনো বিতর্ক তৈরি হয়নি। সে সময় সব রাজনৈতিক পক্ষ সরাসরি নির্বাচন প্রক্রিয়া প্রত্যক্ষ করেছে এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ‘নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুই দিনব্যাপী এ কর্মশালায় চট্টগ্রাম জেলার বিভিন্ন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক অংশ নেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, ১৯৯৪ সালে বিএনপি সরকারের সময় এবিএম মহিউদ্দিন চৌধুরী নির্বাচিত হয়েছিলেন এবং সে নির্বাচন নিয়েও কোনো প্রশ্ন ওঠেনি। জোট সরকারের আমলেও তিনি পুনরায় মেয়র নির্বাচিত হন। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, বিএনপি কখনোই নির্বাচনে ‘নগ্ন হস্তক্ষেপ’ করেনি।
তিনি আরও বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে কিছু নির্বাচনে যে বিতর্ক ও প্রশ্ন দেখা গেছে, তা মহিউদ্দিন চৌধুরীর সময় দেখা যায়নি। এতে নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে।
মেয়র বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনই নয়, নেতৃত্ব গঠন ও গণতান্ত্রিক আন্দোলনের পথনির্দেশনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে আশির ও নব্বইয়ের দশকে গণমাধ্যম ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের অন্যতম শক্তি।