ঢাকা–৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রশাসন ও নির্বাচন কমিশনের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, প্রশাসনের কোনো পর্যায় যেন কোনো রাজনৈতিক দলের দালালি না করে। প্রশাসন যদি আবারও দলীয় পক্ষপাতিত্বে জড়ায়, তাহলে জনগণ কঠিন প্রতিরোধ গড়ে তুলবে।
সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশন পার্কিং এলাকায় ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, অতীতে প্রশাসন আওয়ামী লীগের দালালি করেছে। এখন যদি অন্য কোনো দলের পক্ষেও একই আচরণ করা হয়, জনগণ তা মেনে নেবে না। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং পরিবারের সদস্যরাও হয়রানির শিকার হয়েছেন, যা নজিরবিহীন দমন-পীড়নের উদাহরণ।
তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না; সহাবস্থান ও গণতান্ত্রিক রাজনীতিতেই তাদের আস্থা। আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন যেকোনো মূল্যে অনুষ্ঠিত হতে হবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন বন্ধের কোনো ষড়যন্ত্র জনগণ রুখে দেবে।
ইশরাক আরও বলেন, নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, তাদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে। পাঁচ বছর পরপর জনগণই ঠিক করবে কে দেশ পরিচালনা করবে। তিনি দাবি করেন, বিএনপি আন্দোলন করেছে ক্ষমতার জন্য নয়, বরং স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য।