আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এর ফলে বিএনপি নেতৃত্বাধীন জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান-এর কাছে লিখিত আবেদন করে নিজের মনোনয়ন প্রত্যাহার করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। বিকেল ৫টার দিকে রিটার্নিং কর্মকর্তা বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।
জানা গেছে, আন্দালিব রহমান পার্থ ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে বিএনপি জোটের প্রার্থী হয়ে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদে তৎকালীন সরকারের বিরুদ্ধে তার স্পষ্টভাষী ও প্রতিবাদী বক্তব্য তাকে দেশ-বিদেশে পরিচিত করে তোলে। এবারের নির্বাচনেও তাকে কেন্দ্র করে জোটের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোলা-১ আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও যাচাই-বাছাই শেষে জাতীয় পার্টির প্রার্থী আকবর হোসাইন ও স্বতন্ত্র প্রার্থী মো. রফিজুল হোসেনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
বর্তমানে এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ওবায়দুর রহমান, গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আইনুর রহমান জুয়েল, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. মিজানুর রহমান এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মো. আশ্রাফ আলী নির্বাচনী মাঠে রয়েছেন।