বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে তিস্তাসহ দেশের সকল অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে। তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্রসহ বিশ্বের যেকোনো দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমেই বাংলাদেশ তার ন্যায্য দাবি প্রতিষ্ঠা করতে সক্ষম হবে।
সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, একটি সুন্দর, গণতান্ত্রিক ও আধুনিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে বিএনপি অনেক আগেই ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। এই ৩১ দফার মধ্যেই রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয় সব দিক অন্তর্ভুক্ত রয়েছে, যা বাস্তবায়ন হলে দেশ একটি টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাবে।
দেশের উন্নয়ন ও অর্জন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের ইতিহাসে যেসব ইতিবাচক অর্জন রয়েছে, তার বড় অংশই বিএনপির শাসনামলে হয়েছে। বিএনপি সবসময় জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়ে রাজনীতি করেছে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জনগণ আমাদের কাছে ভালো কাজ আশা করবে—এটাই স্বাভাবিক। জনগণের সেই প্রত্যাশা পূরণে একটি বিএনপি সরকার নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যাবে।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মহেবুল্লাহ আবু নূরসহ দলের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।