ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, শিক্ষার্থীদের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে এবং প্রতিশ্রুতির চেয়েও পাঁচগুণ বেশি কাজ করার লক্ষ্য নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন।
রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে ডাকসু ও আমেরিকান ওয়েলনেস সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত এমওইউ সাইনিং ও স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভিপি সাদিক কায়েম বলেন, ১০৪ বছরের পুরোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনও বড় ধরনের বৈষম্য বিদ্যমান। শিক্ষার্থীদের প্রায় ৫৩ শতাংশ নারী হলেও তাদের জন্য হলের সংখ্যা মাত্র পাঁচটি, যা দীর্ঘদিনের পরিকল্পনাহীনতার ফল। তিনি বলেন, অতীতে কৃত্রিম সংকট তৈরি করে শিক্ষার্থীদের সম্ভাবনা নষ্ট করা হয়েছে।
আবাসন সংকট প্রসঙ্গে তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পাঁচটি নতুন হল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে চীনের অর্থায়নে একটি নারী হলের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রায় ২ হাজার ৮৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়াও চলমান।
নারী অধিকার ও সমতার বিষয়ে তিনি বলেন, বৈষম্য আর চলতে দেওয়া হবে না। নারী ও পুরুষের ন্যায্য অধিকার নিশ্চিত করাই ডাকসুর লক্ষ্য।
তিনি আরও জানান, ১৯৬৫ সালে নির্মিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সংস্কারকাজ শুরু হয়েছে, যার প্রায় ৮০ শতাংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে মসজিদটিকে একটি আধুনিক কমপ্লেক্স সেন্টারে রূপান্তরের পরিকল্পনাও রয়েছে।