আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের সঙ্গে আসন সমঝোতার পরও বিভিন্ন আসনে বিএনপির একাধিক বিদ্রোহী প্রার্থী মাঠে থাকায় চাপে পড়ে দলটি। এ পরিস্থিতিতে দলীয় শৃঙ্খলা ফেরাতে বিদ্রোহী প্রার্থীদের গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ডাকা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে পাঁচজন বিদ্রোহী প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
দলীয় সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামান বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান–এর সঙ্গে সাক্ষাতের পর প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। ভিডিও বার্তায় তিনি বলেন, প্রয়াত নেত্রী খালেদা জিয়ার প্রতি সম্মান এবং দলের নির্দেশনা মেনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন।
এ ছাড়া ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মুর্শিদা খাতুন লিখিত আবেদনের মাধ্যমে মনোনয়ন প্রত্যাহার করেছেন। মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান পলাশ সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
সুনামগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরীও তারেক রহমানের অনুরোধে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। পাশাপাশি নারায়ণগঞ্জ-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের বিদ্রোহী প্রার্থীদের সঙ্গেও দলীয় শীর্ষ নেতৃত্বের আলোচনা হয়েছে।
বিএনপির নেতারা মনে করছেন, দলের ঐক্য রক্ষায় আগামী দিনে আরও কয়েকজন বিদ্রোহী প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন।