বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সদ্য বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জনগণ তার পাশে আছে বলেই শত প্রতিকূলতার মধ্যেও তিনি নির্বাচনে দাঁড়ানোর সাহস পেয়েছেন। তিনি বলেন, তার রাজনীতির মূল শক্তি সাধারণ মানুষ, কোনো দল বা গোষ্ঠী নয়।
শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে নিজ বাসভবনের সামনে প্রধান নির্বাচনী অফিস উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
রুমিন ফারহানা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন কিংবা মহান মুক্তিযুদ্ধ—কোনোটিই কোনো জমিদার বা ক্ষমতাবান নেতা করেনি; এগুলো হয়েছে সাধারণ মানুষের আত্মত্যাগে। তার বাবাও ভাষা আন্দোলনের একজন অংশগ্রহণকারী ছিলেন বলে উল্লেখ করে তিনি বলেন, যুগে যুগে গণমানুষের চাওয়াই বিজয়ী হয়েছে। নব্বইয়ের গণঅভ্যুত্থান থেকে শুরু করে সাম্প্রতিক আন্দোলন—সবই সাধারণ মানুষের রক্তে অর্জিত।
তিনি আরও বলেন, শেখ হাসিনার মতো শক্তিশালী প্রশাসনকেও তিনি ভয় পাননি। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে, ফলে ব্যালটবাক্স ভরে কোনো বিশেষ প্রতীককে জেতানোর সুযোগ নেই। কোনো স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের হয়রানি করলে তার জবাব দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
নির্বাচনী অফিস উদ্বোধন শেষে প্রয়াত বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন জোট ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ভিন্ন প্রার্থী মনোনয়ন দেওয়ায় রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।