আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশব্যাপী সংগঠিত প্রচারণায় নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে সারা দেশে অ্যাম্বাসেডর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দলটি। এই কার্যক্রমের নেতৃত্বে থাকবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
দলীয় সূত্র জানায়, যেসব আসনে এনসিপির নিজস্ব প্রার্থী থাকবেন, সেখানে সংশ্লিষ্ট প্রার্থীর নেতৃত্বেই গণভোটের প্রচারণা পরিচালিত হবে। আর যেসব আসনে এনসিপির প্রার্থী নেই, সেখানে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মাঠে কাজ করতে আলাদাভাবে ২৭০ জন অ্যাম্বাসেডর বা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।
এদিকে সংসদ নির্বাচনের প্রস্তুতি, গণভোটের প্রচারণা, মাঠপর্যায়ের সমন্বয়, মিডিয়া কার্যক্রম এবং মনিটরিং আরও জোরদার করতে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়েছে। গত ৯ জানুয়ারি রাতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন ৩১ সদস্যবিশিষ্ট নতুন এই কমিটির অনুমোদন দেন।
নতুন কমিটিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মনিরা শারমিনকে। দলীয় নেতারা বলছেন, এই কাঠামোর মাধ্যমে মাঠ ও গণমাধ্যম—দুই পর্যায়েই এনসিপির প্রচারণা আরও সংগঠিত ও কার্যকর হবে।