সুষ্ঠু ভোট এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা গেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৪০ থেকে ৭০টি আসন পেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির একাংশের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দলের প্রার্থীদের আপিল শুনানিতে অংশ নিতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। শামীম হায়দার পাটোয়ারী বলেন, ভোটের মাঠ অত্যন্ত অনিশ্চিত। তবে যদি সুষ্ঠু ভোট হয় এবং প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা যায়, তাহলে জাতীয় পার্টির ভালো ফলের সম্ভাবনা রয়েছে।
মনোনয়ন বাতিল প্রসঙ্গে তিনি বলেন, এবারের নির্বাচনে টেকনিক্যাল গ্রাউন্ডে অনেক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, যা হতাশাজনক। তবে অ্যাপিলেট ট্রাইব্যুনাল খোলা মন নিয়ে যাচাই-বাছাই করে অনেক মনোনয়ন বৈধ ঘোষণা করছে, যা ইতিবাচক দিক। রিটার্নিং কর্মকর্তারা মবতন্ত্রের চাপে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারেননি বলেও অভিযোগ করেন তিনি।
শামীম হায়দার বলেন, মানসম্মত নির্বাচন নিশ্চিত করতে ব্যাপক সেনা ও পুলিশ মোতায়েন এবং প্রশাসনকে দৃঢ় করতে হবে। অন্যথায় ফলহীন নির্বাচনের ঝুঁকি রয়েছে, যা ভবিষ্যৎ সরকারের ম্যান্ডেট সংকট তৈরি করবে।
জাতীয় পার্টির বিভক্তি প্রসঙ্গে তিনি জানান, দলটির মূল অংশ জিএম কাদেরের নেতৃত্বে রয়েছে এবং লাঙ্গল প্রতীক সেই অংশের কাছেই আছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও জাতীয় পার্টি ২৪৪টি আসনে প্রার্থী দিয়েছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের উচিত প্রশাসনে প্রয়োজনীয় রদবদল এনে নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করা, যাতে সকল দল স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিতে পারে।