হাদির হত্যাকারীরা এখনো আইনের আওতার বাইরে থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, শহীদ শরীফ ওসমান বিন হাদির নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় অভিযোগপত্র দাখিল হলেও প্রধান অভিযুক্তরা এখনো গ্রেপ্তার না হওয়া অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক।
শনিবার (১০ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জামায়াত আমির বলেন, শহীদ ওসমান বিন হাদি ছিলেন রাজপথের পরীক্ষিত সহযোদ্ধা ও একটি সম্ভাবনাময় প্রাণ। তার অকাল মৃত্যু যে শূন্যতা তৈরি করেছে, তা কোনোভাবেই পূরণ হওয়ার নয়।
কিন্তু এর চেয়েও বেদনাদায়ক বিষয় হলো—এই বর্বর হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না থাকা।
ডা. শফিকুর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা ও দায়িত্বশীলতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। অভিযুক্তরা দেশে নাকি বিদেশে অবস্থান করছে—এ বিষয়ে বিভ্রান্তিকর বক্তব্যের সুযোগ নেই।
তারা যদি পার্শ্ববর্তী দেশ ভারত বা অন্য কোনো দেশে পালিয়ে থাকে, তবে কূটনৈতিক ও আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত তাদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সরকারের দায়িত্ব।
তিনি আরও বলেন, শুধু গ্রেপ্তার নয়, এই হত্যাকাণ্ডের পেছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে কি না, তা নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে উদঘাটন করা জরুরি। অন্যথায় বিচারহীনতার সংস্কৃতি আরও গভীর হবে।
পরিশেষে জামায়াত আমির বলেন, একজন শহীদের রক্তের প্রতি সম্মান দেখানো ও ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। শহীদ ওসমান বিন হাদির আত্মত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া হবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।