বর্তমান বাংলাদেশে কোনো রাজাকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নেতা ও মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান। তিনি বলেন, পূর্বপুরুষদের কৃতকর্মের জন্য পরবর্তী প্রজন্মকে দায়ী করা যায় না—এ কথা ধর্মগ্রন্থেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। অথচ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে নাটোর সদর উপজেলার বড় হরিশপুর এলাকায় জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত রোকন সমাবেশে তিনি এসব কথা বলেন। বক্তব্যে আখতারুজ্জামান দাবি করেন, রাজাকার, আল-বদর ও আল-শামস ছিল পাকিস্তানিবাহিনীর সহযোগী সংগঠন এবং আত্মসমর্পণের পর তারা পাকিস্তানে ফিরে গেছে। তার ভাষ্য অনুযায়ী, বর্তমান বাংলাদেশে এসব গোষ্ঠীর কোনো অস্তিত্ব নেই।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রকৃত শত্রু ছিল পাকিস্তানিবাহিনী, জামায়াতে ইসলামী নয়। জামায়াতে ইসলামীতে কেউ মুক্তিযুদ্ধবিরোধী বা স্বাধীনতাবিরোধী নেই বলেও তিনি দাবি করেন। এসব অপপ্রচারের বিরুদ্ধে সংগঠিত প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর আমির ডা. মীর নুরুল ইসলাম, নাটোর-২ আসনের জামায়াত প্রার্থী ইউনুস আলীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।