হাওরবেষ্টিত নেত্রকোনা জেলার মোহনগঞ্জ, খালিয়াজুড়ি ও মদন উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের আসন নেত্রকোনা-৪। বর্ষা ও হেমন্তে রূপ বদলানো এই হাওরাঞ্চলের রাজনীতি বরাবরই আলাদা গুরুত্ব বহন করে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনে ভোটের মাঠে আবারও প্রভাবশালী হয়ে উঠেছেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই মনে করছেন ‘মার্কা যাই হোক, প্রার্থী বাবর হলেই যথেষ্ট’। ভোটারদের ভাষায়, বাবর এমপি থাকাকালে এই হাওরাঞ্চলে যে উন্নয়ন হয়েছে, তা এখনো মানুষের মনে দাগ কেটে আছে। দীর্ঘ কারাবাস শেষে মুক্ত হলেও মাঠের রাজনীতিতে তার প্রভাব কমেনি।
তবে বাবরের এই প্রভাবশালী অবস্থান সত্ত্বেও ছাড় দিতে নারাজ বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মনোনীত প্রার্থী আল হেলাল তালুকদার দীর্ঘদিন ধরে এলাকায় সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তিনি শিক্ষিত, পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী হিসেবে পরিচিত এবং তরুণ ভোটারদের মধ্যে পরিবর্তনের বার্তা পৌঁছে দিচ্ছেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নেত্রকোনা-৪ আসনে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মধ্যে। যদিও বর্তমান বাস্তবতায় ভোটের মাঠে এগিয়ে রয়েছেন লুৎফুজ্জামান বাবর, তবুও শেষ পর্যন্ত ফল নির্ধারণে ভোটার উপস্থিতি ও রাজনৈতিক সমীকরণই চূড়ান্ত ভূমিকা রাখবে।