রাজনৈতিক দলগুলোর মনোনয়ন প্রক্রিয়া নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেন, ঋণখেলাপিদের সংসদে পাঠানোর মাধ্যমে রাজনৈতিক দলগুলো জনগণের কাছে নেতিবাচক বার্তা দিচ্ছে।
বুধবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফাতেহাবাদ এলাকায় শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল, পৃথক উঠান বৈঠক ও আগ্রাসনবিরোধী পদযাত্রায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নতুন ও ইতিবাচক রাজনীতির প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, শত শত কোটি টাকা ঋণখেলাপি ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হয়েছে।
তিনি বলেন, যারা জনগণের টাকা ও করদাতাদের অর্থ আত্মসাৎ করেছে, তাদের সংসদে পাঠানো হলে তারা সেখানে গিয়ে নিজেদের ঋণ না দেওয়ার সুবিধা নিশ্চিত করার মতো আইন প্রণয়নে তৎপর হবে। এতে মূলত জনগণের অর্থ আত্মসাতের জন্য একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা তৈরি করে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, এসব ঋণ দেশের সম্পদ এবং জনগণের টাকা। অথচ সেই অর্থ ফেরত না দিয়ে ঋণখেলাপিরা আবারও রাষ্ট্রীয় ক্ষমতার অংশ হতে চাইছে। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ব্যালটের মাধ্যমেই এবার এসব ঋণখেলাপিকে ‘না’ বলতে হবে।
এনসিপি নেতা মনে করেন, ঋণখেলাপিদের বিরুদ্ধে অবস্থান নেওয়াই হবে অর্থনৈতিক ন্যায়বিচার ও গণতন্ত্র রক্ষার প্রথম শর্ত।