আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সদ্য বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলায় তাঁকে থামানোর মতো কেউ নেই। তিনি দাবি করেন, শক্তিশালী সরকার ও ক্ষমতাবানদের বিরুদ্ধেও তিনি আপসহীনভাবে কথা বলেছেন এবং ভবিষ্যতেও বলবেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনী গ্রামে আয়োজিত এক নির্বাচনি পথসভায় রুমিন ফারহানা বলেন, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর বিরুদ্ধেও সরাসরি অবস্থান নিয়েছেন। তাঁর ভাষায়, “আমি শেখ হাসিনাকে চোখ রাঙিয়ে চলে আসছি। কোনো বাপের বেটা নেই আমাকে থামাতে পারে।”
তিনি আরও বলেন, তাঁর একমাত্র ভরসা আল্লাহ তায়ালা এবং তিনি মানুষের রায় নয়, আল্লাহর ফয়সালাতেই বিশ্বাস করেন। তাই জমিনের কাউকে তিনি ভয় করেন না বলে মন্তব্য করেন।
বিএনপির মনোনয়ন প্রসঙ্গে রুমিন ফারহানা অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দলীয় নেতাকর্মীদের দাবি ছিল নিজ দলের প্রার্থী দেওয়ার। অথচ বাইরে থেকে প্রার্থী এনে দেওয়া হয়েছে। প্রতীক প্রসঙ্গে ব্যঙ্গ করে তিনি বলেন, “ধান আর খেজুর গাছ এক জিনিস না। ধান আমাদের প্রাণ।”
চাঁদাবাজি, দখলদারি ও অবৈধ সম্পদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ক্ষমতা বদলালেই কেউ রাতারাতি শত কোটি টাকার মালিক হতে পারে না। মানুষ জেগে উঠলে কী হয়, তা অতীতে সবাই দেখেছে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় রুমিন ফারহানাকে বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।