চিহ্নিত সন্ত্রাসীদের জেলের বাইরে রেখে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন,
ভোটের জন্য যে ন্যূনতম পরিবেশ প্রয়োজন, তা এখনো তৈরি করতে পারেনি নির্বাচন কমিশন ও সরকার। এই বাস্তবতায় নির্বাচন কমিশনের ওপর পূর্ণ আস্থা রাখতে পারছে না এনসিপি।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আসিফ মাহমুদ।
তিনি বলেন, নির্বাচনের শুরুতেই মাঠপর্যায়ে যে চিত্র দেখা যাচ্ছে, তাতে সাধারণ মানুষের মধ্যে ভয় ও সংশয় কাটেনি। প্রকাশ্যে ঘুরে বেড়ানো চিহ্নিত সন্ত্রাসীরা ভোটের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে তুলছে। এই পরিস্থিতিতে নির্বাচন কতটা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে, তা নিয়ে এনসিপি গভীরভাবে উদ্বিগ্ন।
মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রসঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকার কড়া সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, যাচাই-বাছাই প্রক্রিয়ায় নিরপেক্ষতা রক্ষা করা হয়নি। রিটার্নিং কর্মকর্তারা বড় রাজনৈতিক দলের পক্ষে কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে নির্বাচনের ন্যায্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, আপিল পর্যায়ে যদি একই ধরনের পক্ষপাতদুষ্ট আচরণ দেখা যায়, তাহলে নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়েই সন্দেহ দেখা দেবে। নির্বাচন কমিশনকে প্রমাণ করতে হবে যে তারা কথায় নয়, কাজে নিরপেক্ষ।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সন্ত্রাস, ভয়ভীতি ও প্রশাসনিক পক্ষপাতিত্বের এই পরিবেশ বজায় থাকলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব হবে না। এনসিপি চায় একটি সত্যিকারের অংশগ্রহণমূলক নির্বাচন, যেখানে আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ হবে এবং কেউ বিশেষ সুবিধা পাবে না।